
চলছে মাঘ মাসের মধ্যবত্তী সময়, এসময় শীতে কাঁপছে গোটা দেশের মানুষ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়ে চলছে ক্রমে। পাড়া মহল্লায় কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। অনেকের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই শীত। শীতে দরিদ্র মানুষের জন্য জরুরি হয়ে পড়েছে শীতবস্ত্রের। করোনার কালো থাবা ও অভাবের কারণে অনেকের পক্ষে আলাদাভাবে শীতের বস্ত্র কেনা এখন দুঃসাধ্য। জীবনযাত্রা কষ্টকর হয়ে পড়ছে দিনমজুর, ভ্যানচালক, ইজিবাইক চালক, পাথর শ্রমিক, চা শ্রমিকসহ সাধারণ কর্মজীবি এবং ছিন্নমূল মানুষের। কোভিডের বিপদ ছাড়াও বাড়ছে সর্দি-কাশি, হাঁপানিসহ ফুসফুসজনিত বিভিন্ন রোগ। সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন মানুষদের দুর্দশাগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়ানো একান্ত প্রয়োজন। সেই কথা চিন্তা করে অসহায়দের পাশে দাঁড়ালো এসএসসি ২০০২ ব্যাচ বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।
‘হারবে শীত, জিতবে মানবতা’ এই ¯স্লোগানকে সামনে রেখে এসএসসি ২০০২ ব্যাচ বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বিকেলে ফরিদগঞ্জ কেরোয়া ওয়াহিদুর রহমান রাজা পাটওয়ারী বাড়ির সামনে শীতবস্ত্র বিতরণ করে।
ব্যাচের জেলা শাখার গ্রুপ এডমিন আমিনুল ইসলামের সভাপতিত্বে ও গ্রুপ মডারেটর আশিকুর রহমান চোটনের সঞ্চালনায় এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কলাবাগান বাজারের পরিচালক নুরুন্নবী নোমান, মার্কেটাইল ব্যাংক ফরিদগঞ্জ শাখার সিনিয়র অফিসার সাইদুর রহমান পাটওয়ারী অমিত। এসময় আরো উপস্থিত ছিলেন, দলিল লেখক সমিতির সদস্য দীন মোহাম্মদ সোহেল গাজী, সহযোগী ছিলেন, কৃষি ব্যাংকের অফিসার সাজিদুল করিম সোহাগ, মৌ ফার্মেসীর পরিচালক মিঠুন দেবনাথ প্রমুখ।