
আমান উল্লাহ খাঁন ফারাবী:
ফরিদগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েল পাটওয়ারী বলেছেন, টেকসই উন্নয়ন করতে হলে সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে। হঠাৎ করে কোন পরিকল্পনা ছাড়াই কোন উন্নয়ন করলে তার সফলতা পওয়া যায় না। আমি পৌরসভার দায়িত্ব গ্রহণের পর জনগণের সেবা ও এলাকার উন্নয়নের উপর বেশি জোর দিয়েছি। ইতিমধ্যেই উপজেলা সদরের গুরুত্বপুর্ণ কয়েকটি কাজ সম্পন্ন হয়েছে। বাকী কাজও দ্রæত সম্পন্ন হবে। কিন্তু এখনো অনেক কাজ বাকী রয়েছে। প্রতিটি ওয়ার্ড পর্যায়ে জনগুরুত্বপুর্ণ সড়ক, ড্রেনেজ ব্যবস্থাসহ সকল উন্নয়নের তথ্য ওয়ার্ড সভা করে জনগণের কাছ থেকে তথ্য নিয়ে ওয়ার্ড কাউন্সিলররা জমা দিলেই তা সম্ভব। আমি চাই মাস্টার প্ল্যান করে ধাপে ধাপে এগুতে। আপনারা জানেন প্রধানমন্ত্রী ইতিমধ্যেই গ্রাম হবে শহর এই রূপকল্প ঘোষনা দিয়েছেন। সেই ধারাকে এগিয়ে নিতে ডাবলিউএলসি সভার মাধ্যমে প্রস্তাব গুলো উঠে আসলে পরে টিএলসির সভায় তা পর্যালোচনা শেষে অনুমোদন করা সম্ভব হবে।
সোমবার (৮ নভেম্বর) ফরিদগঞ্জ পৌরসভার টিএলসির সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। পৌর সচিব এ কে এম খোরশেদ আলমের পরিচালনায় এসব বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মাজহারুল ইসলাম মীরু, কাউন্সিলার আবুল হাশেম, সাজ্জাদ হোসেন টিটু, মোহাম্মদ হোসেন, আবু জায়েদ বাবুল পাটওয়ারী, জাহিদ হোসেন, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন মিয়াজী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আওয়ামীলীগ নেতা আকবর হোসেন মনির ও দ্রুপক সভাপতি হিতেশ শর্মা।