
ফরিদগঞ্জ ব্যুরো : ফরিদগঞ্জ থানা পুলিশ হাসমত উল্ল্যা (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। পরে তাকে পোষ্ট মর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করেছে। উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর গ্রামের শনিবার এ ঘটনা ঘটে। মৃত নির্মাণ শ্রমিকের পিতা বশির উল্ল্যা জানান, শুক্রবার রাতে খাবার খেয়ে তিনি তার স্ত্রী এবং ছেলে নির্মাণ শ্রমিক হাসমত উল্ল্যা ঘুমিয়ে পড়েন। শনিবার সকাল ১০টার পরও তার ছেলে কক্ষ থেকে না বেরোনোয় তার স্ত্রী শান্তাজ বেগম বন্ধ দরজা ফাঁক দিয়ে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে হাসমত উল্যা লাশ কক্ষের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থা দেখতে পায়। সংবাদ পেয়ে থানা পুলিশ শনিবার দুপুরে লাশ উদ্ধার করে বিকালে পোষ্ট মর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করে। স্থানীয় ইউপি সদস্য এরমান হোসেন জানান, দুই বছর পূর্বে হাসমত উল্ল্যা বিয়ে করে। তার ঘরে ২ মাস বয়সি একটি শিশু সন্তান রয়েছে। ফরিদগঞ্জ থানার ওসি(তদন্ত) অহিদুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে এটি আত্মহনন বলে মনে হয়েছে। তবে পোষ্ট মর্টেমের পর মৃত্যুর কারণ জানা যাবে। #