
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি : নবীন কচি-কাঁচার মেলার আয়োজনে বরেণ্য নারী সাংবাদিক কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সহসভাপতি দিল মনোয়ারা স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর শুক্রবার সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে নবীন কচি-কাঁচার মেলার যুগ্ম আহবায়ক জুবায়ের আলম জিশান এর সভাপতিত্বে, সংগঠক নূরুল ইসলাম ফরহাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মেলার পরিচালক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরিদ আহমেদ রিপন। এ সময় প্রধান আলোচক বলেন,‘নারী সাংবাদিকতার পথিকৃৎ দিল মনোয়ারা মনু ছিলেন একজন দিল খোলা মানুষ। তাইতো তার নামের আগে দিল শব্দটি সংযোজন হয়েছে। ১৯৭৪ সালে তিনি সাংবাদিকতা পেশায় যোগ দেন। বেগম পত্রিকার সহসম্পাদক হিসেবে তাঁর সাংবাদিকতা জীবনের শুরু। মনু আপা দীর্ঘ ২৫ বছর পর্যন্ত পাক্ষিক অনন্যার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন।’
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেলার শিক্ষক অভিজিত, তরুণ সদস্য হুসাইন মিলন, ফরিদগঞ্জ লেখক ফোরাম’র অর্থ বিভাগের পরিচালক শামিম হাসান ও সাংস্কৃতিক বিভাগের পরিচালক বাঁধন কুমার শীল। এ সময় উপস্থিত ছিলেন কোষাধক্ষ্য নারায়ন রবি দাশ, যুগ্ম সংগঠক রাসেল হাসান ও মামুন হোসেন ও তরুণ সদস্য আলোসহ মেলার চিত্রাংকন ক্লাসের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সর্বশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান। এসময় দিল মনোয়ারা মনু’র রুহের মাগফেরাত কামনা করা হয়।