যুবলীগ চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা, বেনাপোলে বাড়তি সতর্কতা

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ভারতে পলায়ন ঠেকাতে বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আলোচিত ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটসহ একাধিক নেতা গ্রেপ্তার হওয়ার পর ওমর ফারুক চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার সন্ধ্যায় বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে তাদের কাছে মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও নেপালের নাগরিকরা যাতে কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারেন সে জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে, বলেন তিনি। প্রতিদিন নতুন নতুন নামের তালিকা তাদের কাছে আসছে বলেও জানান ওসি। তিনি জানান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের নাম, ঠিকানা যাচাই ও পাসপোর্টের সঙ্গে তাদের ছবি মিলিয়ে দেখা হচ্ছে। জাল পাসপোর্ট যাতে ব্যবহার করতে না পারেন সে জন্য যাত্রীদের হাতের ছাপ ও ছবি তুলে রাখা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *