স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জে রাতের আঁধারে ঘরে ঢুকে বহিরাগত সন্ত্রাসীরা একই পরিবারে বৃদ্ধা ও স্কুল মাষ্টারসহ ৭ জনকে কুপিয়ে জখম করেছে। সন্ত্রাসী হামলায় আহতরা হলেন- হালিমা খাতুন (৭০), আমিন উল্লাহ (৪০) সাহিদা বেগম (৩০), মনজুর হোসেন (২২), শারমিন আক্তার(২৫), নাজনীন আক্তার (১৬), আলিমের নেছা (৬০)।
ওই এলাকায় বার বার বহিরাগত সন্ত্রাসীদের হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সর্বশেষ গত সোমবার রাতে আবারও উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের চরদুঃখিয়া গ্রামের মিজি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
সন্ত্রাসী হামলার শিকার আমিনুল্লাহ জানান জনৈক আব্দুল আউয়াল এর স্বজনদের কাছ থেকে চরদুঃখিয়া মৌজায় তার ৪০ শতক জমি ক্রয় করে। জমি দখলে চেষ্টার করতে গেলে আব্দুল আউয়াল তাদের বাঁধা দেয়। পরে ওইদিন রাতে পাশ্ববর্তী রায়পুর উপজেলার ভাড়াটে সন্ত্রাসী জামাল হোসেন গংদের দিয়ে দেশী অস্ত্র¿ দিয়ে ঘরে প্রবেশ করে তাদের ওপর নির্মম হামলা চালায়। এতে তাদের পরিবারের ৭ জন গুরুতর আহত হয়। বর্তমানে তারা চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব বলেন এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।