ফরিদগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৭ যুবক আটক ॥ অস্ত্র আইনে মামলা

ফরিদগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৭ যুবক আটক ॥ অস্ত্র আইনে মামলা
ষ্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জে ধারালো দেশীয় অস্ত্রসহ ৭ যুবককে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। গত শুক্রবার রাতে তাদের আটক করা হলেও শনিবার সন্ধ্যার পর তাদের নামে স্থানীয় এমরান হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের হয়। আটককৃত হলো মোশারফ হোসেন (১৮), রাকিব হোসেন (১৮) আহসান হাবিব (১৮), ফজলে রাব্বী (১৫) জিসান পাটওয়ারী (১৮) জহির পাটওয়ারী হৃদয় (১৮), সাদেক হোসেন রুমী (১৮)। তাদের সকলের বাড়ী উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নে। এব্যাপারে এমরান হোসেন বাদী হয়ে শনিবার সন্ধ্যার পর তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। পরে রোববার সকালে তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করে।
এলাকাবাসী জানায়, গত শুক্রবার রাতে ফরিদগঞ্জ-রায়পুর সড়কের রূপসা দক্ষিণ ইউনিয়নের পাশে কুড়ালী মসজিদ সংলগ্ন স্থানে একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে জড়ো হয়। জড়ো হওয়া দেখে স্থানীয়রা তাদের আটক করে গৃদকালিন্দিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেয়। এ খবর পেয়ে ওই ফাঁড়ির পুলিশ ফোর্স ওই যুবকদেরকে ধারালো অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানায়, আটককৃতরা হয়ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তবে পুলিশ বলছে, কেন তারা অস্ত্র নিয়ে সেখানে জড়ো হয়েছিল, তা তদন্তেই বেড়িয়ে আসবে।
তবে আটককৃতদের পরিবারের দাবী, এলাকার একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবকের মধ্যে দ্বন্ধের জের ধরে তারা একত্রিত হয়।
এ বিষয়ে গৃদকালিন্দিয়া ফাঁড়ির পুলিশ সদস্য মোঃ আরিফ জানান, শুক্রবার রাতে কুড়ালি মসজিদ এলাকায় দেশিয় অস্ত্রসহ ৭ যুবককে এলাকাবাসী আটক করে । সংবাদ পেয়ে আমরা অস্ত্রসহ যুবকদের আটক করে ফরিদগঞ্জ থানায় পাঠিয়ে দেই ।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়াম্যান ইসকান্দার আলী জানায়, এই এলাকাতে প্রায়ই রাস্তায় ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনা ঘটে। শুক্রবার এই যুবকদের হাতে ধারালো অস্ত্র দেখতে পেয়ে এলাকার সাধারন লোকজন ভীত হয়ে পড়ে। পড়ে তারা ওই যুবকদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শহিদ হোসেন জানান, স্থানীয় জাফর খানের ছেলে এমরান হোসেন বাদী হয়ে শনিবার সন্ধ্যার পর তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। রোববার তাদের আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *