ষ্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জে অগ্নিকান্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার ৫নং গুপ্টি পুর্ব ইউনিয়নের গুপ্টি বাজারে এই ঘটনা ঘটে। এতে প্রায় এক কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই হয়েছে। সংবাদ পেয়ে পাশ^বর্তী রামগঞ্জ উপজেলা থেকে দমকলকর্মীর একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফলে রক্ষা পায় শতাধিক দোকানপাট। উপজেলা চেয়ারম্যন ও উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্থ্যদের পাশে থেকে সরকারী সহায়তার ঘোষণা দেন।
স্থানীয় যুবক রাজীব জানান, বুধবার গভীর রাতে অগ্নিকা-ের সংবাদ পেয়ে গুপ্টি বাজারে গেলে বাজারের একটি অংশে দোকানগুলো আগুনে পুড়ছে দেখতে পান। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার সাথে সাথে ৩৩৩ নম্বরে কল দিয়ে আগুনের ঘটনা জানায়। পরে পাশ^বর্তী উপজেলা রামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী হান্নান ভূঁইয়া জানান, রাতে দোকান পাট বন্ধ করে তিনিসহ বাজারের ব্যবসায়ীরা বাড়ি যান । হঠাৎ করেই আগুন লাগার সংবাদ শুনতে পেয়ে এসে দেখেন সবকিছু পুড়ে ছাই। শুধু তার রড সিমেন্টের দোকানে থাকা একটি পিকআপ ভ্যানসহ অন্তত ২২ লক্ষ টাকার সম্পদ পুড়ে গেছে। এছাড়া বাকী ৯টি দোকানের মধ্যে আক্তার পাটওয়ারীর সাদিয়া ডেকোরেটর, ফারুক হোসেনের ইলেকট্রিক দোকান, শাহিন হোসেনের টেইলার্স, সিরাজ তপাদারের পল্লী ক্লিনিক নামে একটি ফার্মেসী, আব্দুর রহিমের জনসেবা ফার্মেসী, হারাধন সাহার সাহা মেডিকেল হল, রসরাজের চায়ের দোকান, চন্দনের সেলুন ও প্রল্লাদের সেলুনও সম্পূর্ণ পুড়ে যায়। যাতে অন্তত ১ কোটি টাকার ক্ষতি হয়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের বিষয়ে, উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি জানান, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্থদের তালিকা প্রনয়ণের জন্য বলা হয়েছে। তালিকা পেলেই তাদের সরকারী ঢেউ টীন ও অর্থিক ভাবে সহায়তা করা হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থদের বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন, অচিরেই তাদের সরকারী সহায়তা প্রদান করা হবে। তিনি শুক্রবার ক্ষতিগ্রস্থ এলাকা ও ব্যবসায়ীদের সাথে দেখাসহ পরিদর্শন করবেন বলে জানা যায়।