
ফরিদগঞ্জ ব্যুরো ঃ ফরিদগঞ্জের মূলপাড়া গ্রামের চাঞ্চল্যকর হানিফ তপাদার খুনের মূল আসামী হারিছ তপাদারকে (২৬) আটক করেছে চাঁদপুর পিবিআই। পিবিআই তাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা হতে স্থানীয় থানা পুলিশের সহায়তায় শনিবার গ্রেফতার করে।
জানা যায়, উপজেলার বালিথুবা পুর্ব ইউনিয়নের মুলপাড়া গ্রামে গত ৪ জুলাই মোটর সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র ওই চক্রের বিরুদ্ধে সালিশ বৈঠক চলাকালে চক্রের হামলায় লোকমান হোসেন তপাদারের ছেলে হানিফ(৩০)কে পিটিয়ে আহত করে। পরে সে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় ৫ জুলাই হানিফের বোন শিরতাজ বেগম ৯ জনকে আসামী করে ৩০২ এর ৩৪ ধারায় খুনের মামলা করে। মামলাটি পরবর্তীতে পিবিআইকে হস্তান্তর করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদ উদ্দিন জানান, ‘দীর্ঘ প্রচেষ্টার পর মামলার এজাহারভুক্ত আসামী হারিছকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা হতে স্থানীয় থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করি। সে ফরিদগঞ্জ তপাদার বাড়ির মুলপাড়ার আইয়ুব আলী তপাদারের ছেলে এবং খুন হওয়া লোকমান হোসেন তপাদারের ছেলে হানিফের সম্পর্কে মামাতো ভাই। এ মামলার অন্য আসামীরা হচ্ছে রাজন, সাইফুল, আবুল বাশার, কবির, রিদওয়ান ও জাহাঙ্গীর’।
এ ব্যাপারে পিবিআই চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শঙ্কর কুমার দাস জানান, বিভিন্ন জায়গায় অভিযান করে হারিছকে আটক করতে স¶ম হয়েছি আমরা। আটক হারিছকে কোর্টের নির্দেশনা মোতাবেক জেল হাজতে পাঠানো হয়েছে।#