
বিশেষ প্রতিনিধি:
ফরিদগঞ্জ উপজেলার ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটারদের ভোট প্রদানে আগ্রহী করতে উদ্বুদ্ধকরণ সভা করেছে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন।
১ জানুয়ারী শনিবার সকালে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজ মিলনায়তনে মহিলাদের ভোটারদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। সভায় কোরআন ও হাদীসের আলোকে নারীদের ভোট প্রদানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা ইউনুস হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, মিডিয়ার মাধ্যমে আমি জানতে পেরেছি ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা গত পঞ্চাশ বছরেও ভোট দেননা। আমি গভীরভাবে বিশ্বাস করি কোন আলেম নারীদেরকে ভোট প্রদান থেকে বিরত থাকতে পরামর্শ দেননি। পর্দা রক্ষা করে নারীদের ভোট প্রদান ধর্মের সাথে সাংঘর্ষিক নয়। নারীরা ভোট প্রদান থেকে বিরত থাকলে যোগ্য প্রার্থী নির্বাচনে বিরুপ প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। অযোগ্য প্রার্থী নির্বাচিত হলে এর দায় এ এলাকার নারীরা এড়াতে পারবেনা। দেশের উন্নয়নের স্বার্থে নারীদেরকে ভোট প্রদান করতে হবে। কোন পীর শুধু মাত্র ভোট দেওয়ার বিষয়ে নিষেধ করেছেন তা কিন্তু সঠিক নয়। আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি পীর বলেছেন নারীরা পর্দা করে চলার জন্য। কিন্তু কিছু মানুষ পীরের এই কথাটিকে বিকৃত করে লোক মূখে প্রচার করে আসছে মহিলা ভোট দিলে এলাকায় নানা রোগ বালাই ছড়াবে। এই কথাটি গত ৫০ বছরে এই এলাকার নারীদের ভোট প্রয়োগে বাঁধা হয় দাঁড়িয়েছে। আপনারা নিজেদের পচন্দের ব্যক্তিকে আগামি ৫ জানুয়ারী ভোট দিয়ে কুসংস্কার প্রথা চিরতরে বন্ধ করবেন। ইসলামে নারীদের ধর্মীয় নিয়ম মেনে সকল কাজ করতে বলা হয়েছে।আপনাদের এই উপজেলায় দু’জন নারী প্রশাসনিক কর্মকর্তা রয়েছে এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক এবং প্রতিটি ক্ষেত্রেই পুরুষের পাশাপাশি নারীরা সমান ভাবে এগিয়ে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম বলেন, ইসলামের কোথায়ও বলা নেই নারীদের শুধুমাত্র ভোট প্রধানে নিষেধ রয়েছে। পর্দার মধ্যে থেকে কাজ করা ইসলাম নিষেধ করে নাই। উপজেলার কয়েকটি ইউনিয়নে একাধিক পীর রয়েছে, সে ইউনিয়ন গুলোতে নারীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। শুধুমাত্র এই ইউনিয়নের ৯ হাজারেরও বেশি নারী ভোটাররা তাদের ভোট দেননা বিষয়টি খুবই দুঃখ জনক। আপনারা যদি চান পুলিশ পাহারায় আপনারা বাড়ি থেকে এসে ভোট কেন্দ্রে এনে ভোট দিবেন প্রয়ােজনে সেই ব্যবস্থা আমরা করবাে। এটি আপনার গণন্ত্রাতিক অধিকার।
এসময় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, ইউপি চেয়াম্যান ইস্কান্দার আলী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাবেক সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপাের্টার ফারুক আহম্মেদ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনির চৌধুরী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুস ছোবহান লিটন।
উল্লেখ্য ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে নারীরা গত পঞ্চাশ বছর সকল নির্বাচনে ভোট প্রদান থেকে বিরত রয়েছে।