
স্টাফ রিপোর্টার: ১৮ জুলাই (রোববার) ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া বাজার, নারিকেল তলা বাজারসহ বেশ কয়েকটি গরুর বাজার পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি।
এ সময় বিক্রেতা ও ইজারাদারদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। বাজার পরিদর্শনকালে ইউএনও শিউলী হরি উপস্থিত সাংবাদিকদের বলেন, পশুরহাটে করোনা সংক্রমনের ঝুঁকি এড়াতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবার উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, পৌর কর্তৃপক্ষ ও ইজারাদার সহ সবাই মিলে কাজ করে যাচ্ছে। মাস্ক, গ্লাবস পড়া এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য বাজারে অনবরত মাইকিং করা হচ্ছে। পাশাপাশি হাটে প্রবেশ করতে হাত ধোয়ার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। যারা গরু কিনতে আসবে তাদের যেন করোনা সংক্রমন না হয়। পশু হাটে বৃদ্ধ, অসুস্থ এবং শিশুরা যাতে না আসে সেজন্য বিভিন্ন মাধ্যমে অনুৎসাহিত করা হচ্ছে। নিরাপত্তার ব্যাপারে তিনি বলেন, দূর দুরান্ত থেকে আসা পাইকারদের টাকা ছিনতাই, চুরি, ডাকাতি ও মলম পার্টির খপ্পর রোধে সার্বক্ষণিক নিরাপত্তা বাহিনী কাজ করছে।
অপরদিকে পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী হাট বাজার পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, আমাদের দেশের খামারীরা কষ্ট করে সারা বছর পশু পালন করছে। তাদের দিক বিবেচনা করে স্বাস্থ্য ঝুঁকিটাকে মাথায় রেখে গরুর হাটের অনুমোদন দেয়া হয়েছে যাতে গরুব্যবসায়ী বা খামারীরা কোন প্রকার ক্ষতির মুখে পড়ে তাদের জীবিকার জন্য রাস্তায় না বসে।
এসময় ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, পৌর কোষাদক্ষ গিয়াস উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সাকিল মুশফিক সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ক্যাপশন: পশুরহাটে করোনা সংক্রমনের ঝুঁকি এড়াতে মাস্ক পড়ুন -শিউলী হরি,
গরু ব্যবসায়ীরা তাদের জীবিকার জন্য রাস্তায় যেন না বসে -মেয়র আবুল খায়ের পাটওয়ারী