রুহুল আমিন খাঁন স্বপনঃ ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের কৃষকের পাশে দাঁড়ালো উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। ধান কাটার শ্রমিক না পাওয়ায় উপজেলার গরিব ও বর্গা চাষিদের পাকা ধান কেটে দিচ্ছেন তারা। (শুক্রবার ১মে) থেকে উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়নের শ্রীরকালিয়া সেবা বাড়ির হতদরিদ্র বাবুল সেবার প্রায় ৬০ শতক জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়ার মাধ্যমে এই কার্যক্রম শুরু করেন তারা।
ধান কাটতে আসা উপজেলা ছাত্রদল নেতা মো. রাশেদ আলম বলেন, ‘এটা আহামরি কোনও বিষয় নয়। আমরা আদর্শিক রাজনীতি আর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভালোবাসার প্রতীক সোনার বাংলার ধান আজ নষ্ট হচ্ছে কেবল শ্রমিক না পাওয়ার কারণে। ধানের শীষের প্রতি আন্তরিক ভালোবাসা ফসলের জমিতে শ্রম দিতে আসতে বাধ্য করেছে।’
৬নং ইউনিয়নের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা বলেন, ‘করোনা পরিস্থিতিতে জাতি এক ধরনের ক্রান্তিকাল পার করছে। এমন সংকটেই যদি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে না পারি তাহলে আমাদের রাজনীতি অর্থহীন।’
এ সময় গল্লাক আদর্শ ডিগ্রী কলেজের সভাপতি মো. রিফাত আহমেদ মোল্লা জানান, দলের নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে গরিব চাষিদের ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং এটা চলমান থাকবে।
জমি থেকে ধান কাটায় অংশগ্রহণ করেন ৫নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাসেল, সহ-সভাপতি মো. রাব্বি পাটওয়ারী, যুগ্ম সম্পাদক মো. শামীম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন সহ ১১জন সেচ্ছাসেবী।
কৃষক বাবুল সেবা জানান, ‘ধান কাটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। হঠাৎ ছাত্রদলের নেতাকর্মীরা ধান কাটতে আসবে বিশ্বাসই হচ্ছিল না। যেখানে দ্বিগুণ পারিশ্রমিক দিয়ে শ্রমিক পাওয়া যাচ্ছে না সেখানে তারা বিনাস্বার্থে আমার দেড় ৬০শত জমির ধান কেটে দিয়েছে। এছাড়া ধান বাসায় পৌঁছাই দিয়েছে তারা। তাদের পাশে পাওয়ায় সত্যিই আমি আনন্দিত।’