চাঁদপুরে পেঁয়াজের পাইকারি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : আড়তদারকে ৫ হাজার ও খুচরা বিক্রেতার ১ হাজার টাকা জরিমানা

চাঁদপুর ব্যুরো : চাঁদপুর শহরের পেঁয়াজের পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। ১৬ নভেম্বর শনিবার বিকেলে পুরাণবাজারের আড়ৎ পট্টি ও বিপণীবাগ বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানে পুরাণবাজার আড়ৎপট্টির মাসুদ ট্রেডার্সকে নগদ ৫ হাজার টাকা ও বিপণীবাগের খুচরা বিক্রেতা আলাউদ্দিনকে ১ হাজার টাকা জারিমানা করা হয়।

এছাড়াও অন্যান্য আড়তদার ও খুচরা ব্যবসায়ীরা যাতে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি না করে সেজন্যে তাদের সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। তাঁকে সহযোগিতা করেন জেলা মার্কেটিং অফিসার ও চাঁদপুর জেলা পুলিশ।

জেলা মার্কেটিং অফিসার মোঃ এএনএম রেজাউল করিম জানান, পুরাণবাজার আড়ৎপট্টিতে অভিযান পরিচালনাকালে মাসুদ ট্রেডার্সে অতিরিক্ত দরে পেঁয়াজ বিক্রির অভিযোগ পাওয়া যায়। তারা ১৭০ টাকা দরে পূর্বের কেনা পেঁয়াজ ২১০ টাকা কেজি দরে পাইকারী বিক্রি করছে। আমরা অনুসন্ধান করে তাদের ক্রয় এবং বিক্রয়ের সাথে কোনোরূপ মিল পাইনি।

পরে মাসুদ ট্রেডার্সের মালিক তার দোষ স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন করবে না বলে প্রতিশ্রুতি দেন। সকল তথ্য যাচাই-বাছাই করে মাসুদ ট্রেডার্সকে দোষী সাব্যস্ত করে ভোক্তা অধিকার আইন-২০০৯ এ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপর অভিযানে বিপণীবাগের খুচরা বিক্রেতা আলাউদ্দিনকে ১ হাজার টাকা জারিমানা করা হয়।

তিনি আরও জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *