চুরি-ডাকাতির ঘটনায় পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নবাসী আতংকগ্রস্ত

ফরিদগঞ্জ ব্যুরো : ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে পরপর ডাকাতি, নেশা খাইয়ে অচেতন করে সর্বস্ব লুট, পুলিশ-ডাকাত দলের বন্দুক যুদ্ধে ডাকাত সদস্য নিহত হওয়ার ঘটনার পর পর একের পর এক চুরির ঘটনা ঘটেই চলছে। গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ লতিফের ভাইয়ের বাড়িতে কয়েক দফা চুরির ঘটনার পর সর্বশেষ দক্ষিণ কড়ৈতলী গ্রামে চুরির ঘটনা ঘটেছে। গত রোববার গভীর রাতে চোরের দল ওই ইউনিয়নের আনন্দবাজার বেপারী বাড়ির শাহআলম বেপারীর ঘরে চুরির ঘটনা ঘটায়।

জানা গেছে, বেপারী বাড়ির শাহআলম বেপারীর স্ত্রী লিমু বেগম রাতে ঘরের ভিতর শব্দ শুনে ঘুম থেকে জেগে যায়। পরে তিনি দেখতে পান ২ থেকে ৩ জন লোক ঘর থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে। এ সময় তিনি চিৎকার করলে পাশের লোকগুলো এসে দেখেন তার ঘরের দরজা খোলা। আলমিরা থেকে ৫ ভরি স্বর্ণালঙ্কার, জমি বিক্রির ১ লাখ ৮০ হাজার টাকাসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র চোর নিয়ে গেছে। এ ব্যাপারে খাদিজা বেগম থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন। এর একদিন আগে একই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কাজীর ঘরে দরজা ভেঙ্গে চুরির চেষ্টা করে চোরের দল। কিন্তু বাড়ির লোকজন টের পেয়ে গেলে চোরের দল সটকে পড়ে। ওই রাতেই একই ইউনিয়নের রামদাসেরবাগ খাইনবাড়ির একটি পরিবারের তিনজন সদস্যকে নেশামিশ্রিত খাবার খাইয়ে অচেতন করে দুর্বৃত্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *