
স্পোর্টস ডেস্ক : নারায়ণগঞ্জে পাইওনিয়ার (অনূর্ধ্ব-১৫) ৩য় বিভাগ ফুটবল লীগে নিজেদের ২য় খেলায় জয় পেয়েছে চাঁদপুর কিশোর ফুটবল একাডেমী। নারায়ণগঞ্জের ফতুল্লাস্থ আলীগঞ্জ মাঠে ২১ অক্টোবর সোমবার দুপুরে কিশোর ফুটবল একাডেমী জহরুল স্পোর্টিং ক্লাবের সাথে ৩-০ গোলে জয়ী হয়। কাল একই মাঠে চাঁদপুর কিশোর ফুটবল একাডেমী খেলবে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর সাথে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় কয়েকটি ভেন্যুতে এ লীগের খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। ফতুল্লার আলীগঞ্জ ভেন্যুতেই চাঁদপুর দলটি খেলছে।
একাডেমীর সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার ও চাঁদপুর পৌরসভার কাউন্সিলর নাছির চোকদার মুঠোফোনে সোমবার সন্ধ্যায় জানান, একাডেমী পাইওনিয়ার ফুটবল লীগের ২য় খেলায়ও ৩ গোলে জয়ী হয়েছে। খেলার প্রথমার্ধের ৪ মিনিটের সময় একাডেমীর জান্নাত জনি প্রথম গোল করে ১-০ গোলে দলকে এগিয়ে নিয়ে যান। খেলার শেষার্ধের কিছু সময় আগে একাডেমীর আরেক খেলোয়াড় তুষার গোল করে ২-০ গোলে দলকে এগিয়ে নিয়ে যান। প্রথমার্ধের খেলা শেষে একাডেমী ২-০ গোলে এগিয়ে থাকে। খেলার দ্বিতীয়ার্ধে একাডেমীর হয়ে ৩য় গোল করেন একাডেমীর প্রশান্ত। রেফারীর শেষ বাঁশি বাজা পর্যন্ত চাঁদপুর কিশোর ফুটবল একাডেমী ৩-০ গোলে জয়ী হয়ে মাঠ ছাড়েন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় একাডেমীর খেলোয়াড় তুষার।
দলের টিম ম্যানেজারের দায়িত্বে রয়েছেন ক্রীড়া সংগঠক ওয়াহিদুর রহমান বাবু। দলের খেলোয়াড়রা হচ্ছে সিয়াম, রাশেদুল, প্রান্ত, প্রশান্ত, সীমরান, জাহিদ, তানজিল, জনিজান্নাত, সৈকত, ইমন, বিজয় বর্মণ, তুষার, আল-রহিম, নোমান, বাহাউদ্দিন, সাবের তালুকদার, মোতালেব, ইয়াসিন ও সাদমান সানি। এছাড়া ওই দলের সাথে রয়েছেন একাডেমীর সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠক তাইজউদ্দিন তাজু বকাউল, সাবেক ফুটবলার ও একাডেমীর কোচ আমিন মোল্লাসহ অভিভাবকগণ।