খালেদার জরুরি উন্নত চিকিৎসা দরকার, বললেন বোন সেলিমা

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং তার জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা দরকার বলে শুক্রবার জানিয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রীর বোন সেলিমা ইসলাম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বোনের সাথে দেখা করে আসার পর সেলিমা সাংবাদিকদের বলেন, ‘তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছে। তিনি কারও সাহায্য ছাড়া চলতে বা খেতে পারেন না।’ ‘তার হাত ও পা শক্ত হয়ে গেছে। তার জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা দরকার,’ যোগ করেন সেলিমা। বিএনপি প্রধান ভালো আছেন বলে বিএসএমএমইউর চিকিৎসকরা যে কথা বলছেন সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, চিকিৎসকরা সত্য বলছেন না। ‘আমরা তার আসল অবস্থা দেখেছি।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন যদি সরকার তাকে যেতে দেয়। ‘তবে তিনি এ বিষয়ে আমাদের কিছু বলেননি।’ খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে বোন সেলিমা, ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতিমা এবং তাদের দুই ছেলে ও এক মেয়ে মিলিয়ে পরিবারের ৬ সদস্য বিকাল সোয়া ৩টার দিকে হাসপাতালে যান এবং প্রায় এক ঘণ্টা অবস্থান করেন বলে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ড পেয়ে গত বছরের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। একই বছর আরেকটি দুর্নীতি মামলাতেও তিনি সাজা পান। তিনি চলতি বছরের ১ এপ্রিল থেকে বিএসএমএমইউতে চিকিৎসাধীন আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *