
ক্রাইম ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের বাসা থেকে ৬ কোটি ৭৭ লাখ টাকার ব্যাংক চেক, ১ কোটি টাকার স্থায়ী আমানত (এফডিআর) ও ২ লাখ নগদ টাকা উদ্ধার করেছে র্যাব। শুক্রবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরে মিজানের বাসায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। ক্যাসিনোর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব-৯ এর একটি দল সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানকে গ্রেপ্তার করে। র্যাব মিজানের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি অবৈধ অস্ত্র এবং বৃহস্পতিবার ব্যাংক থেকে ৬৮ লাখ টাকা উত্তোলনের প্রমাণ থাকা কাগজও উদ্ধার করেছে। র্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, মিজানকে শ্রীমঙ্গল থেকে ঢাকায় এনে বিকালে তার মোহাম্মদপুরের বাসায় অভিযান চালানো হয়। কাউন্সিলর মিজানের কাছ থেকে ব্যাংক চেক ও এফডিআরের নথি উদ্ধার করা গেলেও বৃহস্পতিবার ব্যাংক থেকে উত্তোলন করা টাকা সম্পর্কে কোনো তথ্য তিনি র্যাবকে দেননি।