
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় বৃহস্পতিবার আলোচিত ছাত্রলীগ নেতা অমিত সাহাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বেলা ১১টার দিকে রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অমিত বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ও বুয়েট শাখা ছাত্রলীগের আইনবিষয়ক উপ-সম্পাদক। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায় এবং বেলা ১১টার দিকে অমিতকে গ্রেপ্তার করে। বুয়েটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) রবিবার দিবাগত মধ্য রাতে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের সিঁড়ি থেকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে বুয়েটের মেডিকেল কর্মকর্তা ডা. মো. মাসুক এলাহি তাকে মৃত ঘোষণা করেন। এর আগে আবরারকে হলের ২০১১ নম্বর কক্ষে নিয়ে মারধর করেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ওই কক্ষটিতে অমিত সাহা থাকতেন।