২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ২৬৭

ডেঙ্গু আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৭ জন নতুন রোগী। এর মধ্যে ঢাকায় ৬৩ জন এবং বাকি ২০৪ জন দেশের অন্যান্য এলাকায় ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। সরকারি তথ্যমতে, গত জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৯০ হাজার ৫৪৫ জন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৮৮ হাজার ৯৮৭ জন। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগে ভর্তি রোগী আছেন ১ হাজার ৩১৬ জন। তাদের মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৪৪৮ জন। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ বছর ডেঙ্গু সন্দেহে ২৪২টি মৃত্যুর তথ্য পেয়েছে। এর মধ্যে সংস্থাটি এ পর্যন্ত ১৩৬টি মৃত্যু পর্যালোচনা করে ৮১টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে। এদিকে ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান। মৃত মঞ্জু রানী (৫৫) রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর গ্রামের হরিপদ কুমারের স্ত্রী। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা জানান, ডেঙ্গু জ্বর নিয়ে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মঞ্জুকে হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। পরে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *